প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 11, 2026 ইং
রাজশাহীতে যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (৩৫)। তিনি কাজলা এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, চুরির সন্দেহে কয়েকজন যুবক তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে প্রকাশ্যেই তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
ঘটনার সময় উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছে বাঁধা অবস্থায় তুষারকে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে মারধর করছে। মারধরের সময় তিনি বারবার আকুতি জানালেও অভিযুক্তরা থামেনি বলে ভিডিওতে দেখা যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সামিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ