
মোহম্মদ আলী রাজশাহী (পবা) প্রতিনিধি: "নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দরজায় সেবা পৌঁছে দিতে আমি নিরলস কাজ করে যাচ্ছি,"-রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ কথা বলেছেন।
শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে ফুটবলে কিক মেরে তিনি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "যুবসমাজকে মাদকমুক্ত রেখে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে এবং আগামী জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে ভালোদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।"
নওহাটা পৌর কৃষক দলের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ, রাজশাহী জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন-অর-রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা তারেক রহমান মুন্না।
উল্লেখ্য, ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘অচিন মানুষ’ ও ‘আয়ান ব্যাটারি হাউজ’।