রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) ও দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার এর দিক নির্দেশনায় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এসআই ইয়ামিন আলী, রহিম, আসাদ, শিমুল এএসআই আশরাফুল, রিপনসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।
ওসি আতিকুর রহমান জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন-এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..