পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে কম খরচে বাড়ি ফেরার আকুলতাই কাল হলো ১৫টি তাজা প্রাণের। নোয়াখালী থেকে রড বোঝাই একটি ট্রাকে করে নওগাঁর মান্দা উপজেলার উদ্দেশ্যে রওনা হওয়া শ্রমিকরা পথিমধ্যেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। টাঙ্গাইলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকটিতে থাকা ১৫ জন যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সকল শ্রমিকের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) গ্রাম থেকে শুরু করে শ্রীকলা বলাক্ষেত্র গ্রামের মধ্যবর্তী এলাকায়। তারা সবাই নোয়াখালীতে শ্রমিকের কাজ করতেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
আজ সোমবার (২৫ মে) নোয়াখালী থেকে ছেড়ে আসা রডবাহী ট্রাকটি টাঙ্গাইল পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে ট্রাকটি উল্টে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রডের নিচে চাপা পড়ে এবং প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই মান্দার ১৫ জন বাসিন্দা প্রাণ হারান।

একই ইউনিয়নের এবং পাশাপাশি গ্রামের এতগুলো মানুষের আকস্মিক মৃত্যুর খবরে পুরো মান্দা উপজেলা, বিশেষ করে ভারশোঁ ইউনিয়নে নেমে এসেছে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজেন্দ্রবাটি ও শ্রীকলা এলাকার বাতাস। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে।
বিশেষ অনুরোধ: ঈদ বা যেকোনো উৎসবে যাতায়াতের সময় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ বা অতিরিক্ত বোঝাই যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।